আরেক হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডো বাহিনীর একজন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (১৫ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ব্যাটালিয়নের তথাকথিত কমান্ডার বিল্লাল আল-কেদরাকে গোয়েন্দা বাহিনীর প্রচেষ্টায় বিমান হামলায় হত্যা করা হয়েছে। আল-কেদরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কিবুতস এবং নির ওজে ভয়াবহ হামলা চালান।

আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় রাতভর বিমান হামলায় আরও বেশ কয়েকজন হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধা নিহত হয়েছে। রাতভর গাজায় ১০০টির বেশি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল বাহিনী। এসব স্থাপনার মধ্যে হামাস কমান্ড সেন্টার, সামরিক কম্পাউন্ড, নজরদারি পোস্ট, রকেট লঞ্চার ও ইসলামিক জিহাদের কমান্ড পোস্ট ছিল বলে দাবি করেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস। সংগঠনটির দাবি, ২০ মিনিটের মধ্যে তারা ইসরায়েল অভিমুখে পাঁচ হাজার রকেট ছুড়েছিল। সেইসঙ্গে ইসরায়েলের সীমান্ত অতিক্রম করে অতর্কিত হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছে কয়েক হাজার।

হামাসের হামলার পরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনী শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। গাজায় খাবার সরবরাহ, বিদ্যুৎ ও জ্বালানিও বন্ধ করে দিয়েছে। জিম্মিদের মুক্তি না দিলে এগুলোর কোনো কিছুই গাজায় সরবরাহ না করার অঙ্গীকার করেছে তারা। ফলে গাজায় মানবিক সংকট গভীর থেকে আরও গভীর হয়েছে। হাসপাতালগুলো মর্গে পরিণত হচ্ছে। নির্বিচারে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।