পিরোজপুরের নাজিরপুরে বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা অনুপ কুমার সিকদার ও তার পরিবারকে কু-রুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি এবং দৈনিক সংবাদ, দৈনিক ইনকিলাব, দৈনিক যায়যায়দিন ও আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধিদের বিরুদ্ধে নাজিরপুর থানায় মিথ্যা ডায়েরির প্রতিবাদে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিএনপি নেতা এইচএম লাহেল মাহামুদকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে গণমানববন্ধন করেছেন উপজেলার সাংবাদিক ও সর্বস্তরের মানুষ।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায় (প্রতিদিনের সংবাদ), কেএম সাঈদ (আমাদের কণ্ঠ স্টাফ রিপোর্টার), অনুপ কুমার সিকদার (দৈনিক ইত্তেফাক), জ্যোতিষ চন্দ্র হালদার (আমাদের সময়), শফিকুল ইসলাম সোহেল (দৈনিক সংবাদ), এসএম জাহিদুল হক (দৈনিক ইনকিলাব), মো. মশিউর রহমান (দৈনিক যায়যায়দিন), মো. হাসান তালুকদার (দৈনিক মানবজমিন), মো. সাঈদ শেখ (দৈনিক দেশেরকণ্ঠ) মো. সাজ্জাদুর রহমান (দৈনিক স্বদেশ বিচিত্রা), মো. শামিম হাসান (দৈনিক সময়ের আলো) এবং নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. ইস্রাফিল হাওলাদার।
এ ছাড়া মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকিরাসহ নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় পৃথক বক্তব্যে বক্তারা বলেন, নাজিরপুরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকরা এবং সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিষ্ট প্রভাষ আমীনকে নিয়ে ফেসবুকে কু-রুচিপূর্ণ মন্তব্য করার ধৃষ্টতা দেখানো সেই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, স্বীকৃত চাঁদাবাজ, চরিত্রহীন শিক্ষক এইচএম লাহেল মাহামুদকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
বক্তারা গণমানববন্ধনে আরও বলেন, পূর্বেও এই লাহেল মাহামুদ চাঁদাবাজি মামলায় ১ মাস জেল খেটেছেন। বর্তমানেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, তার পরেও কোনো অদৃশ্য ক্ষমতাবলে তিনি চাকরিতে স্থায়ী থাকেন? স্থানীয় গণমাধ্যমকর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালাজ, হত্যার হুমকি ও থানায় মিথ্যা ডায়েরি করে এটা আমাদের বোধগম্য নয়। অরিচেই এ ধরনের শিক্ষককে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে অন্যথায় গণমাধ্যমকর্মীরা প্রয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে কঠিন কর্মসূচির জন্য অবস্থান নিবে।