শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন করতে হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, এ দেশে যদি নির্বাচন করতে হয়, সংবিধানের আলোকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন করতে হবে। কেয়ারটেকার সিস্টেম বিএনপি নষ্ট করেছে। এখন আর সেই পুরোনো স্বপ্ন দেখে লাভ নেই। শেখ হাসিনা আছে বলেই আমরা নিরাপদ আছি। আজকে বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক স্থানেই শেখ হাসিনার সমকক্ষ নের্তৃত্ব নেই।

রোববার (১৫ অক্টোবর) শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন শেষে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে, আরেকদিকে ইসরাইলে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের সকলেরই কষ্ট হচ্ছে। ইতমধ্যেই যে ভয়াবহ করোনা গিয়েছে, তখন প্রধানমন্ত্রী যদি হাল না ধরতো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকতো, তবে লাখ লাখ মানুষ করোনায় মৃত্যুবরণ করতো। করোনার সময় প্রধানমন্ত্রী আমাদেরকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। যা পৃথিবীর উন্নত দেশেও দিতে পারেনি। এই যুদ্ধের সময়ে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আমাদের আগামীর প্রজন্মের ভবিৎষতের জন্য দরকার, শেখ হাসিনা সরকার।