ফরিদপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টাকালে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় স্থানীয়রা অপহরণকারীদের আনা মাইক্রোবাসে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার সময় সদর উপজেলার কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে।
আটক আসামিরা হলো-ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মামুন (৪০) ও শহরের গোয়ালচামট এলাকার বাদশা মোল্লার ছেলে আলমগীর (৫২)।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার সময় সাদা একটি মাইক্রোবাসে করে ওই স্কুলের সামনে থেকে চারজন সন্ত্রাসী স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে। পথে এক মোটরসাইকেল চালক বিষয়টি টের পেয়ে মাইক্রোবাসের গতিরোধ করে। মাইক্রোবাসে তুলে নেয়ার সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। উত্তেজিত স্কুলের ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা দিতে দশম শ্রেণির ওই ছাত্রী স্কুলে আসার পথে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। সেসময় দুইজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’