‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তারা তাদের সংবিধান অনুযায়ী চলবে’

বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তারা তাদের সংবিধান অনুযায়ী চলবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে সোমবার (১৬ অক্টোবর) দিল্লিতে সফররত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায়  তিনি এ মন্ত্যব্য করেন। 

এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্থ, পরিচালক (বাংলাদেশ-মিয়ানমার) নবনীতা চক্রবর্তী, পাবলিসিটি অফিসার পবন সাহারান উপস্থিত ছিলেন।

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ না পাওয়ার ক্ষেত্রে ভারতের বিরোধিতা ছিল না বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এসব তথ্য যারা ছড়ায় তারা ব্রিকসের সম্প্রসারণ প্রক্রিয়া জানে না।

বাংলাদেশকে এগিয়ে নিতে চায় ভারত। তারই অংশ হিসেবে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে বাংলাদেশকে বিশেষভাবে আমন্ত্রণ জানায় দেশটি।বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্থ বলেন, দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের ৪৬টি প্রকল্প চলমান রয়েছে এবং ৬৪টি ক্ষুদ্র বিনিয়োগও আছে উল্লেখ করেন স্মিতা পান্থ। 

২০১০ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের ডেভেলপমেন্ট উন্নয়ন সহযোগিতা ছিল ১ বিলিয়ন ডলার, সেটা বর্তমানে ১০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এছড়া দুই দেশের উন্নয়ন সহযোগিতার মধ্যে ইনোভেশন, স্পেস টেকনোলজি ও গ্রিন টেকনোলজি রয়েছে। 

ভিসা পেতে দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন জটিলতা সম্পর্কে স্মিতা পান্ত বলেন, সম্প্রতি ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা সাময়িক। শিগগির এটা স্বাভাবিক হয়ে যাবে। কিছু প্রক্রিয়াগত কারণে ভিসার ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং এ সমস্যা আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।