মালদ্বীপ ঢাকায় এসে হুংকার দিয়েছে—আজ বসুন্ধরা কিংসের মাঠে বাংলাদেশ চাপে থাকবে। হোম ভেন্যুতে চাপে থাকার ব্যাখ্যা দিয়েছেন মালদ্বীপের কোচ আলী সুজাইন। খেলা হবে বসুন্ধরা কিংসের মাঠে। সেই মাঠ দেখে সুর বদলে ফেলেছেন কোচ। এত ভালো মাঠ ফলে তার দলই নাকি সবচেয়ে ভালো খেলবে। আর ভালো মাঠ মানেই বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। সরাসরি না বললেও কোচ ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশই তাদের নিজেদের মাঠে খেলতে পারবে না। বসুন্ধরা কিংসের স্টেডিয়ামে আজ পৌনে ৬টায় খেলা শুরু হবে।
গতকাল দুপুরে এই স্টেডিয়ামের ভেতরেই বাংলাদেশ এবং মালদ্বীপের সংবাদ সম্মেলন হয়েছে। যেখানে মালদ্বীপ কোচের মুখে ঘুরেফিরে মাঠ নিয়ে কথা। মাঠের প্রশংসা করেছেন কোচ আরি সুজাইন। তিনি বলেছেন, ‘খুবই ভালো মাঠ। কঠিন হবে বাংলাদেশের জন্য। আর আমাদের জন্য সুবিধাই হবে।’ এসব কথা অবাক লাগলেও কোচের কথার আড়ালে ছিল অন্যরকম ইঙ্গিত। তিনি বলছেন মালদ্বীপের মাঠে যেখানে খেলা হয়েছিল সেটি জাতীয় স্টেডিয়াম হলেও মাঠ ভালো ছিল না। আর এখানে মাঠ খুব ভালো। আর এটাই বাংলাদেশের জন্য অসুবিধার কারণ হয়ে যাবে। আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রেশারে থাকব না। বাংলাদেশের প্লেয়াররা প্রেসারে থাকবে। আমাদের স্টেডিয়ামের মাঠের চেয়েও এই মাঠ ভালো।’ নিজেদের কৌশল নিয়ে কোচ বললেন, ‘আমরা লং বলে খেলব না। এখানে, এই মাঠে বল রোল করবে। আমরা বিল্ডআপ ফুটবল খেলব। এই মাঠ আমাদের জন্য খুবই ভালো।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও পালটা জানিয়েছেন, ‘এখন যারা জাতীয় দলে খেলছেন তারা সবাই এই মাঠেই খেলেছেন। যারা বসুন্ধরা কিংসে খেলেন তারা তো আছেনই। আর যারা খেলেননি তারাও এই মাঠে খেলে গেছেন। এ মাঠ সব ফুটবলারের কাছে পরিচিতই, মাঠের সবকিছুই জানা আছে আমাদের ফুটবলারদের।’ ম্যাচ কেমন হবে? জামালের কথা, ‘কঠিন ম্যাচ হবে। সহজেই উতরে যাবে সে কথা বলা যাবে না। কারণ এখানে জীবন-মরণ লড়াই। জয়ের কোনো বিকল্প নেই।’
ভিআইপি ৫০০, ক্যাটেগরি ওয়ান ২০০ এবং ক্যাটেগরি টু ১০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকিট পাওয়া যাবে প্রিমিয়ার ব্যাংক, মতিঝিল শাখা ও বসুন্ধরা শাখায়।