রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

গ্রুপ জে থেকে সবার আগে ২০২৪ ইউরোর মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল পর্তুগাল। দ্বিতীয় দল হিসেবে ইউরোর মূলপর্বে খেলার দৌড়ে ছিল বসনিয়া হার্জেগভিনা। বসনিয়ার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

সোমবার (১৬ অক্টোবর) বসনিয়ার ঘরের মাঠ বিলিনো পোলজে স্টেডিয়ামে রোনালদোর জোড়া গোলে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। এছাড়া একটি করে গোল পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসালো ও জোয়াও ফেলিক্স।

ম্যাচের ৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এরপর ম্যাচের ২০ মিনিটে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আল নাসর তারকা। এই গোলের মধ্যদিয়ে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর জাতীয় দলের হয়ে গোল হলো ১২৭টি। 

চলতি বাছাইয়ে ৭ ম্যাচে রোনালদোর গোল এখন ৯টি। এই বছরে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোল এখন শুধুই রোনালদোর (৪০)।

ম্যাচের ২৫, ৩২ ও ৪১ মিনিটে গোল করেন ব্রুনো ফার্নান্দেস, জোয়াও কানসালো ও জোয়াও ফেলিক্স। তাদের গোলে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির পর আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।