পিরোজপুরের নাজিরপুরে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উৎসবে উপজেলার সব দুর্গা মন্দিরের থাকছে সিসি ক্যামেরার আওতায়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। আগামী ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পুজার মাধ্যমে মা দুর্গার আগমন ঘটবে। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী পূজাপাঠের মধ্য দিয়ে মা দুর্গাকে বির্সজন দেওয়া হবে।
হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও সংগ্রামী চেতনাকে ধারণ করে এ উৎসব বিকশিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নে মোট ১৩৬ টি পূজামণ্ডপ রয়েছে। তার মধ্যে ১২৮টি মণ্ডপে পূজা উদ্যাপন হবে। নিরাপত্তা নিশ্চিতে সব মন্দিরেই সিসি ক্যামেরা স্থাপন করায় মন্দিরের পূজারিরা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ওপর কৃতজ্ঞতা স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমির বলেন, ‘গত বছর উপজেলায় আটটি সিসি ক্যামেরা স্থাপন করলেও চলতি বছর পূজা মণ্ডপগুলো শতভাগ সিসি ক্যামেরায় আওতায় থাকবে। সিসি ক্যামেরা স্থাপনে আমি নাজিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলার সব সনাতন ধর্মালম্বীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’
নাজিরপুর থানা ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘উপজেলার কয়েকটি মন্দির দূর্গম এলাকায় রয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থা কিছুটা খরাপ, সেসব মন্দিরে বিশেষ নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’
ইউএনও ডা. সঞ্জীব দাশ জানান, ‘এ বছর সব পূজা মণ্ডপেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রশাসন সব সময় সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছে। এসব সিসি ক্যামেরা শুধু পূজা চলাকালীনই নয়, স্থায়ীভাবে সার্বক্ষণিক লাগানো থাকবে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’