কুলাউড়ায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনার শিকার উপবনের একটি বগি উদ্ধার করা হয়েছে।শনিবার বেলা সোয়া ১২টার দিকে বগিটি উদ্ধার করা হয়।

কুলাউড়া স্টেশন মাস্টার মহিবুর রহমান জানান, সকাল ৮টার দিকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে সেতুর নিচে থাকা বগি উদ্ধারের তৎপরতা চালায়। পানির প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার তৎপরতা কিছুটা ব্যহত হলেও পরে বগিটি বেলা সোয়া ১২টার দিকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলে নিহত

তিনি আরও জানান, দুপুরে মাইজগাঁও স্টেশনে আটকে থাকা ঢাকাগামী কালনী এক্সপ্রেসটি রওনা দিতে পারবে।

উল্লেখ্য, গত রবিবার রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি ব্রিজ ভেঙে উপবন এক্সপ্রেসের বগি খালে পড়ে যায়। এ ঘটনায় ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয় শতাধিক যাত্রী।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রাতে বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে পেছন দিকের বগিতে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যে সামনে বড়ছড়া ব্রিজ ভেঙ্গে নীচে ১টি বগি পড়ে যায়। আরো ৩টি বগি ব্রিজের পাশে উল্টে দুমরে মুচড়ে পড়ে। অন্য আরো দুটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পরপর এলাকাবাসী, ফায়ার সার্ভিসের ২৭টি ইউনিট ও পুলিশ যাত্রীদের উদ্ধারে কাজ চালায়। জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

ইত্তেফাক/এমআরএম