র‌্যাব পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন, ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় ‘র‌্যাব পরিচয়ে’ঘোরাঘুরি ও স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার সময় দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, র‌্যাবের ভুয়া পরিচয়পত্র, ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত মানিব্যাগ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তাদেরকে থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

আটককৃতরা হলেন খুলনার কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।

জব্দকৃত ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও র‌্যাবের ভুয়া আইডি কার্ড। ছবি: ইত্তেফাক

উখিয়ার টিভি টাওয়ার এলাকার জাহিদ হোসাইন বলেন, ‘র‌্যাব পরিচয় দিয়ে দুই যুবক প্রায় সময় এই এলাকায় ঘোরাঘুরিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা যাচ্ছিল। আমরা বিষয়টি আগে তেমন গায়ে মাখিনি-কারণ, এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন। তবে, মঙ্গলবার রাতে লক্ষ্য করলাম তাদের কথা বার্তা সন্দেহ জনক। এরপর স্থানীয় লোকজন তাদের অনুসরণ করে পরিচয় জানতে চান। তখন তারা সঠিক পরিচয় দেখা পারেনি। লোকজন তাদের আটকে রেখে ক্যাম্পের পাশে থাকা ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায়। এরপরই তাদের থানায় সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভূয়া র‍্যাব পরিচয় দানকারী দু'জনকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধতন মহলের পরামর্শে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’