ঢাকায় পা রেখেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) কয়েক ঘন্টার সফরে বিকেল তিনটার পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। তার সঙ্গে দেখা করতে হোটেল রেডিসনে গেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
রোনালদিনহোর সঙ্গে দেখা করতে তিন ঘন্টা আগেই হোটেল রেডিসনে উপস্থিত হয়েছেন জামাল। সন্ধ্যা আটটায় রোনালদিনহো বাংলাদেশের নানা অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জানা গিয়েছে, আজ ৬ টা ১০ মিনিটে গণভবনের উদ্দেশে রওনা হবেন রোনালদিনহো। সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে ব্রাজিল কিংবদন্তির। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। তখনই দেখা হবে জামালের সঙ্গে। এরপর মধ্যরাতেই অবশ্য ঢাকা ছাড়বেন তিনি।