মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণ দেবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
বাইডেনের মুখপাত্র ক্যারিন জিন পিয়েরে জানিয়েছেন, ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলে হামাসের হামলার জবাব এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিষয়টি নিয়ে কথা বলবেন।
গতকালই ইসরায়েলকে সমর্থন জানাতে দেশটিতে সফরে যান জো বাইডেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চলে ঘণ্টার পর ঘণ্টা বৈঠক।
বাইডেনের ইসরায়েল সফর শেষ হওয়ার পরই তার ভাষণের বিষয়ে ঘোষণা দিলো হোয়াইট হাউজ।
এর আগে গতকাল বাইডেন বলেন, ইসরায়েল একা নয়, যুক্তরাষ্ট্র অন্ধকার সময়ে ইসরায়েলের পাশে থাকবে। ইসরায়েল আজ, আগামী এবং চিরদিনের জন্য নিরাপদ ইহুদি এবং গণতান্ত্রিক দেশ থাকবে। যারা শান্তির জন্য কাজ করছেন, সৃষ্টিকর্তা তাদের রক্ষা করুন। সেইসঙ্গে যারা খারাপ পথে আছে, তাদেরও রক্ষা করুন।