রংপুরের মিঠাপুকুরে নাবিল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় শঠিবাড়ী উত্তর বাসস্ট্যান্ডে ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতরা হলেন দূর্গাপুর ইউনিয়নের কাঁঠালী দক্ষিণপাড়া গ্রামের মৃত. খলিল মিয়ার ছেলে মধু মিয়া (৪৫), শঠিবাড়ী হরিপুর গোহাটি গ্রামের মৃত. মঞ্জু মিয়ার ছেলে মুরাদ মিয়া (২৮) ও রংপুর সদরের সম্ভু বাবু (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী দক্ষিণ বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশনের পশ্চিম পাশে ফুটপাতে মোটরসাইকেলে বসে কথা বলছিলেন পরিবহন ব্যবসায়ী মধু মিয়া, মেকানিক মুরাদ মিয়া ও সম্ভু বাবু। এ সময় ঢাকাগামী নাবিল পরিবহনের একটি দ্রুতগামী বাস ওভারটেক করতে গিয়ে ফুটপাতে থাকা অবস্থায় তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মধু মিয়া ও মুরাদ মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় সম্ভু বাবুকে রংপুর মেডিকেলে ভর্তি করা হলে রাত ২টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: জিয়ার কবর সরানোর অনুরোধ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
এ ঘটনায় ঘাতক নাবিল পরিবহনের বাসটিকে আটক করেছে স্থানীয়রা। এ সময় স্থানীয়দের বিক্ষোভে যান চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে। ফলে দুইপাশের শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ইত্তেফাক/জেডএইচডি