রেস্টুরেন্টের বিল না দিয়ে করতেন হার্ট অ্যাটাকের অভিনয়, অবশেষে গ্রেপ্তার

স্পেনের ব্লাঙ্কা অঞ্চলের রেস্টুরেন্টের খাবারের বিল এড়াতে হার্ট অ্যাটাকের অভিনয় করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ২০টিরও বেশি রেস্তোরাঁয় এই কাজ করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি লাউডের বরাতে এমনটি জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়,  গত মাসে তিনি ধরা পড়েন। লোকটি একটি রেস্টুরেন্টের ৩৭ ডলাররের খাবার বিল পরিশোধ না করেই চলে যাওয়ার চেষ্টা করেছিল। পরে রেস্টুরেন্টের কর্মীরা তাকে আটক করে এবং খাবারের মূল্য পরিশোধ করতে বলে। তখন লোকটি বলেন, তিনি তার হোটেলের রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই হার্ট অ্যাটাকের অভিনয় শুরু করেন।

রেস্তোরাঁর ব্যবস্থাপক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি অজ্ঞান হওয়ার ভান করে মেঝেতে শুয়ে পড়েন এবং অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে অন্য রেস্টুরেন্টে এ ধরনের কাজ করার কারণে লোকটিকে চিনতে পারে এবং তাকে গ্রেপ্তার করে।