ঢাকা বিভাগেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ইউএনও দিপন দেবনাথ 

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর ঢাকার বিভাগে এবং মানিকগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়ে বিভাগীয় এবং জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন সিংগাইর উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন।

বুধবার (১৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা পদক প্রদান ঢাকা বিভাগ বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপপরিচালক মীর্জা মো. হাসান খসরু বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হিসাবে দিপন দেবনাথের নাম ঘোষণা করেন।

সিংগাইরয়ের ইউএনও দিপন দেবনাথ

এর আগে ১৩ সেপ্টেম্বরে জেলা প্রশাসক রেহানা আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক/শিক্ষিকা/ কর্মকর্তা/কর্মচারী ও ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ ঘোষণা করেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিপন দেবনাথ গত ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি যোগদান করার পরেই ভাষা আন্দোলনে প্রথম শহিদ রফিক উদ্দিনের স্মৃতিধন্য উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনারের তথ্য উপাত্ত নিতে থাকে। সেসব ৯৭টি প্রাথমিকের মধ্যে মাত্র ১৭টিতে শহিদ মিনার ছিল। পরে উপজেলা নির্বাহী অফিসার সিংগাইর-এর উদ্যোগে প্রতিটি প্রাথমিক শহীদ মিনার স্থাপন করার উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে ৩২টি নতুন শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ১৮টির কাজ চলমান এবং ২০টির নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।

ছবি: রিপন আহসান ঋতু

সিংগাইর উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে ‘ক্ষুদে বিজ্ঞানীদের ক্লাব’ গঠন করেছে। সেসব ক্লাবে ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপিত প্রকল্পসমূহের ডাটাবেজ অনলাইনে সংরক্ষণের জন্য সিংগাইর ক্ষুদে বিজ্ঞানীদের ক্লাব শিরোনামে একটি অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করা হয়েছে।

৫ অক্টেবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উপজেলায় গত দুই বছরে যেসব শিক্ষকরা অবসরে গিয়েছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাগুরু সম্মাননা প্রদান করে। একই দিন ‘শিক্ষাগুরু’ শিরোনামে একটি স্বরণীকা প্রকাশ করে। অভিনব এই আয়োজনে শিক্ষকদের মধ্যে ভীষণ ইতিবাচকতা তৈরি করে।

ছবি: রিপন আহসান ঋতু

গত ১১ সেপ্টম্বর প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগ্রত করার জন্য ২৮২ প্রজাতির গাছ নিয়ে শিশুদের বৃক্ষ পরিচিতি মেলা ‘পরম বন্ধু গাছকে জানি’ আয়োজন করে সর্বমহলে প্রসংশা কুড়িয়েছেন।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (অটিজম ও অন্যান্য) শনাক্তকরণ ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সঙ্গে যৌথভাবে কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে এবং ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ক্লাস্টার পর্যায়ে প্রাথমিক স্ক্রিনিং শেষ করেছে।

পানিতে ডুবে শিশুমৃত্যু হ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় শিশুদের সাঁতার প্রশিক্ষণ চালু করা হয়েছে। উপজেলায় মেয়ে শিশুদের ‘আত্মরক্ষার কৌশল  প্রশিক্ষণ’ প্রদানের মতো ব্যতিক্রম উদ্যোগ নিয়ে ইতোমধ্যে অভিভাবকদের মধ্যে আলোড়ন তৈরি করেছেন। স্কুল ঝরে পড়া রোধে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় বেশ কিছু স্কুলে মিড ডে মিল চালু করেছেন। যা সকলেই খুব ভালোভাবে নেন।

ছবি: রিপন আহসান ঋতু

শিশু শ্রম রোধ এবং স্কুল ঝরে পড়া রোধে সকলে দৃষ্টি আর্কষণে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সফল মানুষদের অংশগ্রহণে সরকারের নানা উদ্যোগ সংবলিত স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ‘ঝরা ফুল’ তৈরি করেন। যেখানে মূল চরিত্রে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনয় করতে দেখা যায়। ইতিমধ্যে চলচ্চিত্রটির বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। 

শিশুদের চিত্রাঙ্কণসহ সুকুমারবৃত্তিকে উৎসাহ প্রদানের জন্য চিত্রাঙ্কন সংকলন ‘মনোরঙ ছবি’ শীর্ষক একটি অ্যালবাম প্রকাশ করে যেখানে মুখবন্ধ লেখেন শিল্পী হাশেম খান। 

ছবি: রিপন আহসান ঋতু

উপজেলার প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীর মাঝে ১৪৮টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার শিক্ষার গুণগত মানোন্নয়নে নানা সৃজনশীল উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া ব্যাপক সাড়া ফেলেছে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‌‘স্মার্ট বাংলাদেশের সূচনা হোক প্রাথমিক বিদ্যালয় থেকেই’, ‘প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর আন্তঃসর্ম্পক’, ‘ক্ষুদে ডাক্তার, সম্ভাবনার নতুন দুয়ার’, ‘বিজ্ঞানমনস্কতার শুরু করতে হবে প্রাথমিক জীবনে’সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ ও গবেষণামূলক লেখা।

ছবি: রিপন আহসান ঋতু

বিষয়গুলো নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ জানান, আমি আসলে চেষ্টা করেছি এই উপজেলার সার্বিক শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য কাজ করার। শিক্ষায় সিংগাইর উপজেলা আরও সামনে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

এদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান।