কাশ্মীরের এক-তৃতীয়াংশ ভারতের নিয়ন্ত্রণে নেই: অমিত

কাশ্মীরের এক-তৃতীয়াংশ এলাকায় ভারতের নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ জন্য জওহরলাল নেহরুকে দায়ী করেছেন তিনি। অমিত শাহ বলেন, পরিস্থিতির কথা বিচার করেই আরও ৬ মাস রাষ্ট্রপতি শাসন কার্যকর করা হবে জম্মু-কাশ্মীরে।

শুক্রবার লোকসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ আইন ২০০৪ সংশোধনী প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহের অভিযোগ, ৭০ বছরে ৯৩ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে সেখানে।

অমিত বলেন, গত পাঁচ বছরে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ নিয়ে ‘জিরো-টলারেন্স’ ভূমিকা নিয়েছে মোদী সরকার। উপত্যাকায় তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিরোধী এজেন্ডা ঢুকিয়ে দেওয়ার যে চেষ্টা চলেছে, তা কড়া হাতে দমন করেছে সরকার।

অমিত শাহ জানান, নির্বাচন করাতে বিজেপি সরকার সবসময় প্রস্তুত। কিন্তু নির্বাচন করানো তাদের কাজ নয়। নির্বাচন কমিশন যখন সিদ্ধান্ত নেবে, সেই দিনই নির্বাচন হবে জম্মু-কাশ্মীরে। কাশ্মীরের সমস্যার জন্য অমিত শাহ দায়ী করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেই।

আরো পড়ুন: কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১১ শিক্ষার্থী নিহত

তাঁর কথায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের উপর কখনও তিনি ভরসা রাখতে পারেননি। অমিত শাহ জানান, স্বাধীনতার পর যে সব রাজ্য রাজাদের অধীনে ছিল, তা ভারতের অন্তর্ভুক্ত করতে দায়িত্ব বর্তায় সর্দার বল্লভভাই প্যাটেলের উপর। কিন্তু জম্মু-কাশ্মীর বিষয়টি দেখছিলেন খোদ জওহরলাল নেহরু। আর সেখানেই একমাত্র ৩৭০ অনুচ্ছেদ প্রয়োগ করা হয়েছে।

ইত্তেফাক/টিএস