বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারাতে পারলেই বাংলাদেশি টাইগার সাকিব-মুশফিকদের সঙ্গে ডিনার ডেটে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী সেহর শিনওয়ারি। সম্প্রতি টুইটারে এমনই ঘোষণা দিলেও পাক অভিনেত্রীর মনোবাসনা পূর্ণ হয়নি।
বৃহস্পতিবারে ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করে ৫০ ওভার থেকে ২৫৬ রান করেছিল টাইগাররা। রোহি-কোহলিরা মাত্র তিন উইকেট হারিয়ে ৮ ওভার ৩ বল হাতে রেখেই টপকে যায় ২৫৭ রানের লক্ষ্য। ফলে পাকিস্তানি অভিনেত্রীর ইচ্ছা পূর্ণ হয়নি।
কিন্তু বাংলাদেশের এমন হারে হতাশ নন উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি এখনো আশা হারাচ্ছি না। ইনশাআল্লাহ আমাদের কিউইরা (বিশেষ করে আমার প্রিয় জিমি নিশাম) রোববার ভারতকে হারাবে। শুধু অপেক্ষা করুন।’
এর আগে ১৪ অক্টোবর ভারতের সঙ্গে পাকিস্তানের হারের শোকের মধ্যেই এক টুইট বার্তায় ঘোষণা দিয়েছেন, 'ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।'
ডেট করার ঘোষণা দিয়েই থেমে থাকেননি সেহার। বাংলাদেশের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, 'ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।'