রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কক্সবাজারের রামুতে ব্যাপী গ্রামীণ লোকজ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘দ্য ইয়ং বাহুবলি’ দল।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে বাঁকখালী নদীতে আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয় চারটি দল অংশ নেয়।

খেলার ঘোষক 'জাজেস-রেডি-গো' বলার সঙ্গে সঙ্গে নৌকা বাইচ খেলা শুরু হয়। এসময় খেলা উপভোগ করতে বাকঁখালীর দুতীরে উৎসুক জনতার ভিড় জমে।

আয়োজকরা জানান, সাহিত্য, সংস্কৃতি আতুড়ঘর পর্যটন উপ-শহর রামুর গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ। নৌকা বাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা। শতবছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাদল, ক্রীড়াবিদ আছাদ উল্লাহ, তানভির শাহ্, আরিফ, জামালসহ অন্যরা।

প্রতিবছর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) গ্রামীণ এই খেলা জাঁকজমকভাবে আয়োজন করলেও করোনাকালীন সময় এবং বাকঁখালীতে পানি না থাকার কারণে দীর্ঘদিন যাবত আয়োজন করা সম্ভব হয়নি।