মদকাণ্ডে অভিযুক্ত মোরসালিন ও রিমনকে নিয়েই ভারতে যাবে কিংস

বিমানবন্দরে মদ নিয়ে ধরা পড়া ফুটবলারদের মধ্যে আপাতত দুজনকে অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ দিয়েছে বসুন্ধরা কিংসের নীতিনির্ধারকরা। শেখ মোরসালিন এবং রিমন হোসেন, এই দুজনকে ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এখন তারা অনুশীলনে নেমেছেন। এএফসি কাপ ফুটবলে খেলতে যাবে বসুন্ধরা কিংস। আগামী মঙ্গলবার ভারতের ভুবনেশ্বরে মোহন বাগান সুপার জায়ান্টের বিপক্ষে বসুন্ধরা কিংসের খেলা। রাত ১০টায় শুরু হবে।  

মদকাণ্ডে ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছিল ফুটবলার শেখ মোরসালিন এবং রিমন হোসেনকে। তদন্ত করে তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়ে মোরসালিনকে ১ লাখ এবং রিমন হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অল্পের ওপর দিয়ে বেঁচে যাওয়া দুই ফুটবলার অনুশীলনে মনোযোগী। মানসিক যন্ত্রণা কাটিয়ে মদকাণ্ডের দুজন নিজেকে পবিত্র রাখার চেষ্টা করছেন। বসুন্ধরা কিংসের সূত্রে জানা গেছে—দুজনই দলের সঙ্গে রবিবার সকালে ভারতে যাবেন। ২৪ অক্টোবর ম্যাচ খেলে পরদিনই ঢাকায় ফিরবে দল।

গতকাল কলকাতা থেকে জানা গেছে, খেলার আগের দিন ভুবনেশ্বর যাবে মোহন বাগান। সকালে কলকাতায় অনুশীলন করে রওনা হবে। এখন কলকাতায় পুজোর উত্সব চলছে। পুজোয় প্রায় ১৫ দিনের আমেজ থাকে। উত্সব চলতে থাকে। দিন যত গড়ায়, কমে আসতে থাকে উত্সবের মাত্রা। পুজোর এই সময়টায় ক্লাব ফুটবলের খেলা বন্ধ থাকে। কিন্তু এবার নাকি ব্যতিক্রম। ইস্ট বেঙ্গলের অনুশীলন চলছে। মোহন বাগানের অনুশীলন চলছে। কলকাতায় মোহন বাগানের মাঠে গত দুই তিন ধরে ফুটবল ভক্তরা ভিড় করছেন। 

মোহন বাগান ক্লাব সূত্রে জানা যায়, শ খানেক দর্শক মাঠে এসেছিলেন অনুশীলন দেখতে। এদের মধ্যে পরিবার এসেছেন বেশি। সন্তানকে নিয়ে ফুটবলারদের অনুশীলন দেখে বাচ্চারা ছবি তুলেছেন। বাবা-মায়ের হাত ধরে মোহন বাগানের মাঠে গিয়ে সন্তানরাও খুশি। পুজোর কারণে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে এএফসি কাপের খেলা কলকাতা থেকে দূরে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়। এএফসি কাপে মোহন বাগান সুপার জায়ান্ট-বসুন্ধরা কিংসের খেলা কলকাতায় সল্টলেকে হওয়ার কথা ছিল। একদিকে পুজো, অন্যদিকে বিশ্বকাপের খেলা—কলকাতার ইডেন গার্ডেনে। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না। বলেই খেলাটা ভুবনেশ্বরে সরিয়ে নেওয়া হয়েছে। ২৪ অক্টোবর একই দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবেন সেখানে। মোহন বাগান-কিংসের খেলা ছাড়াও সেদিন ভারতের ওড়িশা এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের মধ্যে খেলা হবে।