প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বিএনপি একটি স্বার্থবাদীদল। ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে বাচ্চারাও রেহাই পাচ্ছে না। এ ব্যাপারে বিএনপি একটা কথাও বলে নাই। কারণ তারা কথা বললে আমেরিকা তাদের প্রতি অসন্তুষ্ট হবে। এই ভয়ে তারা কোনো কথা বলছে না।
শনিবার (২১ অক্টোবরে) দুপুরে ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বিএনপি যা বলছেন সব ভুয়া। তাদের ভুয়া ডেডলাইনে কোনো কাজ হবে না। নির্বাচন সময়মত হয়ে যাবে। বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে। জনগণের ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা ক্ষমতায় আসবে। বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না।
তিনি বলেন, গতবছর ১০ ডিসেম্বর বিএনপি ডেডলাইন দিয়েছিল শেখ হাসিনা সরকার থাকবে না। কোনো কাজ হয়েছে। এবারও তাদের কোন ডেডলাইন ফেডলাইনে কোনো কাজ হবে না। তারা নমনীয় হয়ে গেছে। ইতিমধ্যে বলতে শুরু হয়ে গেছে ফাঁকা মাঠে নাকি আরয়ামী লীগকে গোল দিতে দিবে না। দেখবেন শেষ পর্যন্ত বিএনপিকে হার মেনেই নির্বাচনে আসতে হবে এবং শেখ হাসিনার অধিনেই নির্বাচনে আসবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে বাচ্চারাও রেহাই পাচ্ছে না। তাদের ওপর বর্বরোচিত হত্যার প্রতিবাদে আমরা শোক দিবস পালন করছি। প্রধানমন্ত্রী শেখ হসিনাসহ বিশ্বের অনেক দেশ নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে বিএনপি একটা কথাও বলে নাই। কারণ তারা কথা বললে আমেরিকা তাদের প্রতি অসন্তুষ্ট হবে। এই ভয়ে তারা কোনো কথা বলছে না।
এ সময় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী উপস্থিত ছিলেন।