নাটোরের লালপুরে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতার মাদকের আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) মাদক সেবনের চারটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ছবিটি কতদিন আগের তা জানা যায়নি।
ছবিতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে বসে গাঁজা ও মদ সেবনের জন্য প্রস্তুত করছেন মাদকসেবীরা। সেখানে খালি গায়ে বসে আছেন ছাত্রলীগ নেতা জিসানুর রহমান। তার পাশের প্লেটে চানাচুর রাখা। জিসানুর রহমান আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার সালামপুর গ্রামের জিল্লুর রহমান ছেলে।
তবে ওই মাদক আসরে উপস্থিতির কথা স্বীকার করে জিসানুর বলেন, ‘ঘটনাটি কয়েক মাস আগের। ওই মাদক আসরে উপস্থিত থাকলেও আমি কোনো মাদক সেবন করিনি। পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কখনো সিগারেটও খাইনি। আমার ডোপ টেস্ট করলেই সব প্রমাণ পাওয়া যাবে।’
এদিকে তার মাদক আসরের ভাইরাল ছবি সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নিজেদের প্রোফাইলে পোস্ট করে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তোলা হচ্ছে।
গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল তৌহিদ তরঙ্গ বলেন, ‘ছাত্রলীগ কখনো মাদককে সমর্থন করে না। এ বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
এ বিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বলেন, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।