রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, আপনার সাম্প্রতিক অস্ত্রোপচারের বিষয়ে আমি অবগত হয়েছি। অস্ত্রোপচারের পর আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন জেনে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নিয়মিত শারীরিক ও মানসিক উন্নতি কামনা করছি। এ সময়ে ভবিষ্যতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন দ্রৌপদী মুর্মু।
গত বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এরপর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন তিনি।