‘গরু আমার কাছে, টাকা দিলেই ফেরত’

উপজেলায় চোরের উপদ্রপে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। চোর ঠেকাতে রাত জেগে থাকতে হচ্ছে। চুরির পাশাপাশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা। 

জয়মন্টপের নীলটেক গ্রামের সঞ্জয় কুমার রায়, গত ১৪ অক্টোবর থানায় লিখিত অভিযোগ করেন। ঐ অভিযোগে তিনি উল্লেখ করেন, রাতে তার বাড়ির গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়। যার দাম ২ লাখ ৬০ হাজার টাকা। চোর তার মোবাইল নম্বর (০১৮৮৭৩৩২১১২) থেকে মোবাইল ফোনে  (০১৭৪৭৯৫৮২৩০) ফোন করে জানিয়েছে, ‘গরু আমার কাছে, টাকা দিলেই ফেরত দেওয়া হবে।’ তিনি বলেন, পুলিশ তত্পর হলেই গরু উদ্ধার করা সম্ভব। ৮ অক্টোবর সকালে চারিগ্রাম বাজারের এক জুয়েলার্সের মালিককে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এলাকার মজিবর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়। জুয়েলার্সের মালিক মহিবুর রহমান থানায় এ অভিযোগ করেন।

গত ৫ অক্টোবর রাতে মাটিকাটা সারারিয়া গ্রামে হারুন-অর রশিদের বাড়িতে চুরি হয়। তার স্ত্রী বলেন, তিন চোর  ঘরে প্রবেশ করে স্বামীকে গুলি করার ভয় দেখিয়ে খাটের ওপর হাত-পা বাধে। এরপর তারা ঐ গৃহবধূর কান থেকে স্বর্ণের গহনা খুলে নেয়। এ সময় ছেলে হাসান রবি এগিয়ে আসলে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পরিদর্শন করে গেছেন। খোয়ামুড়ির কাওছার হোসেন বলেন, ৭ অক্টোবর বাড়ির সামনে থেকে দিনের বেলায় তার মোটরসাইকেলটি চুরি হয়। 

বলধারার আসলাম হোসেন বলেন, তার মোটরসাইকেলটি রাতে ঘর থেকে  চুরি হয়। চোরের নাম ঠিকানা পুলিশকে জানানো হয়েছে। কিন্তু উদ্ধার হয়নি। এভাবেই বলধায় ঐ রাতে তিনটি বাইক চুরি হয়। এছাড়া দিনে দুপুরে চুরি হয় বেরুন্ডির একের মোড়ে জামে মসজিদের মাইক এবং  উপজেলা কোর্ট মসজিদের পানির মোটর। শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, তার এলাকায় চুরি কিছুটা কমেছে, তবে অবৈধ মাদকের বেচাকেনা ও তা সেবনের মাত্রা বেড়ে গেছে। থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, মাদক ও চুরি ঠেকাতে পুলিশ কাজ করছে।

ফতেহপুর গ্রামের মাওলানা মাহমুদুল হাসান বলেন, গত ১৮ অক্টোবর জোহরের নামাজ পড়তে গেলে দেখেন তার বাড়ির নলকূপটি চুরি হয়ে গেছে। ১০ অক্টোবর রাতে ইমন আইডিয়াল কেজি স্কুলের তালা ভেঙে চোর ১১টি ফ্যান নিয়ে যায়। এছাড়া ফ্যান চুরি হয় জিজি মডেল হাইস্কুলেও।