পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শনিবার বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা পরিবার বা সমাজের বোঝা নয়, তাদেরও স্বাভাবিক মানুষের মতো বাঁচার অধিকার আছে—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এক দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উত্সব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকালে স্থানীয় খান সাহেব আব্দুল মজিদ জামাদ্দার কিন্ডার গার্টেন স্কুল মাঠে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
পরে ঐ স্কুলের সদ্যপ্রয়াত শিক্ষক সঞ্জীব কুমার বসুর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন শেষে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। ক্রীড়ানুষ্ঠনে ১৩টি ইভেন্টে ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকগণও পৃথক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। বিকালে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনাসভায় পিরোজপুর জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের প্রতিষ্ঠাতা এবং পিরোজপুর জেলা সাবেক জিপি অ্যাড. শহিদুল হক পান্না, শিয়ালকাঠি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আ. রাজ্জাক, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা বিল্লাহ, জেপি নেতা মো. ফিরোজ আলম এবং সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক অমল চন্দ্র কির্ত্তনীয়া প্রমুখ।
পরে ক ও খ গ্রুপের বিভিন্ন ইভেন্টে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের মধ্যে আব্দুল্লাহ আকন, মামুন সিকদার, সদয় বেপারী, নাঈম সওদাগর, আফরিন আক্তার, মালা আক্তার, হায়দার বেপারী, মাইনুদ্দিন, তানিয়া আক্তার, জান্নাতি আক্তার, সুস্মিতা মিস্ত্রী, মেহেদী হাসান ও মুসা-সহ বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।