মেসির ফেরার ম্যাচেও হারলো মায়ামি 

লিওনেল মেসির ফেরার দিনেও হারের মুখ দেখলো ইন্টার মায়ামি। রোববার (২২ অক্টোবর) শার্লট এফসির বিপক্ষে ১-০ গোলে হেরে লিগ শেষ করেছে মায়ামি। জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফম্যান্সটা ক্লাবের হয়ে দেখাতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। ম্যাচে বেশিরভাগ সময় খোলসবন্দিই ছিলেন মেসি। 

প্রথমার্ধে শুরু থেকেই নিজেদের পায়ে বল রাখে মায়ামি। কিন্তু বারবার চেষ্টা করেও গোলের দেখা পাননি মেসিরা। তবে উল্টো ১৩ মিনিটে গোল খেয়ে বসেন তারা। পোল্যান্ডের উইঙ্গার কামিল জোজুইকের পাস থেকে গোল করে শার্লটকে এগিয়ে নেন কলম্বিয়ান তারকা কারউইন ভার্গাস। গোল হজমের পর রক্ষণভাগ শক্ত করে মায়ামি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। তবে বারবার প্রতিপক্ষের সীমানায় গিয়ে ব্যর্থ হয়েছেন মেসিরা। ফলে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে মায়ামি।