আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে তোলা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। দুটি মামলায় খালেদা জিয়ার সাজার কথা উল্লেখ করে ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদ উজ জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।
আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত দিনে খালেদা জিয়ার মনোনয়নপত্রের ব্যাপারে এক শুনানিতে পক্ষ-বিপক্ষের বক্তব্য শোনেন রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদ উজ জামান। খালেদা জিয়ার মনোনয়নপত্রের তথ্য সঠিক হলেও পুলিশ তাঁর বিরুদ্ধে দুটি মামলায় সাজার কথা উল্লেখ করেন। ওই সময় খালেদা জিয়ার পক্ষে ফেনী জেলা বিএনপির সভাপতি ও আইনজীবী আবু তাহের যুক্তি দেন যে আপিল বিভাগে মামলা দুটি বিচারাধীন আছে। শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এ ছাড়াও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মদ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ও আবুল বাশার চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১০ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন, জাসদের শিরীন আখতার, বিএনপির রফিকুল আলম মজনু, ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের শাহরিয়ার ইকবাল, গণফোরামের এবিএম গোলাম মাওলা চৌধুরী, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভুঁইয়া, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) শেখ আবদুল্লাহ ও খায়রুল বাশার মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের তারেকুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী নুরুল আলম।
ইত্তেফাক/এএম