এক্সপ্রেসওয়েতে উঠলে ইউরোপ আর নিচে নামলেই গরিব মনে হয়: কাদের

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকাকে ইউরোপ আর নিচে নামলেই গরিব মনে হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ওবায়দুল কাদের বলেন, এয়ারপোর্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকাকে মনে হয় ইউরোপ। আর নামলেই আমাদের বাসগুলো দেখলে মনে হয় গরিব গরিব চেহারা। জীর্ণ, মুড়ির টিন চলছে। গায়ে লেখা ‘আল্লাহর নামে চলিলাম’। যেতে যেতে খাদের মধ্যে অথবা পাশের আইল্যান্ডের ওপর। মালিক সমিতিকে বলব, এসব গাড়ি কীভাবে চলে ঢাকা শহরে?

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাসমালিকদের বাসগুলোকে মেরামত করে সুন্দর রাখার কথা কতবার বললাম। কী লাভ হলো? কথা অনেক বলেছি। কথা কাজে পরিণত না হলে মূল্য থাকে না। সড়ক পরিবহন আইন করলাম। কিন্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এত বিলম্বিত, যা দুঃখজনক। আইন আছে, প্রয়োগ নাই, এমন আইনের দরকার কী?