টাঙ্গাইলে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

রোববার (২২ অক্টোবর) উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার মুখ্য গাংগাইর গ্রামের ভ্যানচালক মো. আবুর ছেলে মোহাম্মদ রনি (১৯)। তিনি ঘাটাইল সরকারি জিবিজি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। একই উপজেলার কদমতলী গ্রামের মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেউলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সকাল ১১টার দিকে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুর্মূষু অবস্থায় প্রথমে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ নেওয়ার পর বিকাল তিনটার দিকে মারা কলেজ ছাত্র রনির মৃত্যু হয়। এর আধা ঘণ্টা পর শহিদুরও মারা যান।

নিহত রনির চাচা মো. জিলানি জানান, রনি মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর একই অ্যাম্বুলেন্সে করে রনি ও শহিদুরকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। বিকাল তিনটার দিকে রনি মারা যায়। এর আধা ঘণ্টা পর শহিদুরও মারা যান।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক সনাউল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য আরেকজনের মৃত্যুর খবর এখনো পাইনি।