পরিত্যক্ত ভবনে চলছে শিশুদের পাঠদান

দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে প্রাণহানির আশঙ্কা রয়েছে। ভবনের ছাদের বিভিন স্থানে ভেঙে ফাটল ধরেছে এবং কলামগুলো সর্ম্পূূণ ভেঙে পড়ছে। বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক নুরুল আমিন বলেন, ‘জরাজীর্ণ ভবনে পড়তে গেলে বাঁচার জন্য চিন্তায় থাকি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আক্তার জানান, ১৯৩২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে সাত জন শিক্ষক ও ২০০ ছাত্রছাত্রী রয়েছে। ফেনী জেলা প্রশাসক ইতিমধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারকে বারবার আবেদন করার পরও এখন পর্যন্ত নতুন ভবন নির্মিত হয়নি। 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলী মর্তুজা মেম্বার জানান, এক বছর আগে পরিত্যক্ত ঘোষিত ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ করা খুবই জরুরি। দাগনভূঞা উপজেলা শিক্ষা অফিসার ইসকান্দার নুরী জানান, পরিত্যক্ত ভবন ভেঙে নিলাম দিয়ে যে অর্থ পাওয়া যাবে, তা দিয়ে ভবন নির্মাণ করতে হবে।