আলো কাড়তে পারেন শাহিন-মুজিব

চেন্নাইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই প্রতিবেশীর দলীয় দ্বৈরথে থাকবে অনেক ব্যক্তিগত দ্বৈরথও। সেই খণ্ড দ্বৈরথগুলোর মধ্যে আজ অন্য রকম আকর্ষণ ছড়াতে পারে শাহিন শাহ আফ্রিদি ও মুজিব-উর রহমানের মধ্যকার লড়াই।

একজন বাঁহাতি পেসার। অন্যজন ডানহাতি অফস্পিনার। প্রশ্ন উঠতে পারে, সম্পূর্ণ বিপরীত এমন দুজন বোলারের মধ্যে আবার কিসের দ্বৈরথ! মজাটা আসলে সেখানেই। দুজনে একে অন্যের বিপরীত চরিত্রের হলেও একটা বিষয়ে দারুণ মিল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বৈরথে তারাই নিজ নিজ দলের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি।

এ পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তান মোট ৭টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। সেই ৭ ম্যাচেই জিতেছে পাকিস্তান। সেই ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই খেলেছেন শাহিন শাহ আফ্রিদি। নিজের খেলা সেই ৫ ম্যাচেই ১২ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সি শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহর মতো মুজিব-উর রহমানও পাকিস্তানের বিপক্ষে ৫টি ম্যাচ খেলেছেন। সেই ৫ ম্যাচে তার শিকার ৯ উইকেট।

আজকের আগে দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে মোট একবার। ২০১৯ বিশ্বকাপের ২৯ জুন হেডিংলি স্টেডিয়ামের সেই ম্যাচেও নিজ নিজ দলের হয়ে বল হাতে আলো কেড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি ও মুজিব-উর রহমান। তবে উইকেট সাফল্যে এগিয়ে ছিলেন শাহিন। আফগানিস্তানকে ২২৭ রানে বেঁধে রাখতে ১০ ওভারে ৪৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ছোট আফ্রিদি। জবাবে মুজিব স্পিন ঘূর্ণিতে নিয়েছিলেন ২ উইকেট। বোলিং সাফল্যের মতো জয় সাফল্য হাসিও হেসেছিলেন শাহিনই।

ক্যারিয়ারে ৪৮ ম্যাচে ৯৫ উইকেট নেওয়া শাহিন আফ্রিদি এবারের বিপক্ষে ৪ ম্যাচেই নিয়েছেন ৯ উইকেট। নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে উইকেট নেওয়া শাহিন ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচে নিয়েছেন ২ উইকেট। বল হাতে তিনি সবচেয়ে বড় চমকটা দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে। বিশ্বকাপ ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য তার, তার বোলিং কীর্তির পরও পাকিস্তান ম্যাচটা হেরে গেছে। সব মিলে বিশ্বকাপে মাত্র ৯ ম্যাচেই ২৫ উইকেট তার।

বিপরীতে মুজিব আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে ১১ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। এবার ৪ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। এই ৪টি উইকেটই অবশ্য তিনি নিয়েছেন সর্বশেষ দুই ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানকে অবিস্মরণীয় জয় উপহার দিতে নেন ৩ উইকেট। পেয়েছিলেন ম্যাচসেরা এবং ক্রিকইনফোর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের’ পুরস্কার। পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও একটি উইকেট নিয়েছেন তিনি। সুতরাং আজ পাকিস্তানের বিপক্ষে বিশেষ রূপেই ধরা দিতে পারেন আফগান স্পিনার। পাকিস্তানের বিপক্ষে তার সেরা বোলিং ৩৩ রানে ৩ উইকেট দখল, গত ২২ আগস্ট হাম্বানটোটায় দ্বিপক্ষীয় সিরিজে।

ইত্তেফাক/এএম