এএফসি কাপে মোহন বাগান সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচ আগামীকাল মাঠে নামবে বসুন্ধরা কিংস। অথচ গতকাল রাত সোয়া ৮টা পর্যন্ত ভিসা হাতে পায়নি বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তবে অবশেষে এএফসি কাপ খেলতে ভারতের উদ্দেশে রওনা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় কলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে উড়াল দিয়েছে কিংস।
মঙ্গলবার (২৪ অক্টোবর) এএফসি কাপে ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে ম্যাচ। কলকাতার ক্লাবটির হোম ভেন্যু যুব ভারতী হলেও দূর্গা পূজার জন্য কিংসের ম্যাচটি ভুবনেশ্বরে আয়োজন করছে মোহনবাগান। ভিসা জটিলতার কারণে কলকাতা থেকে ভুবনেশ্বরে একই ফ্লাইটে পুরো দলের টিকিট পাওয়া যায়নি। তাই দুপুর ১২টা এবং বিকেল চারটায় দুই ফ্লাইটে ভুবনেশ্বরে পৌঁছাবে কিংস। সকাল পর্যন্ত এমনটাই জানা গিয়েছিল।
বসুন্ধরা কিংস গতকাল সকালে ঢাকা-কলকাতা, কলকাতা-ভুবনেশ্বর বিমান টিকিট কেটে রেখেছিল। ভিসা জটিলতায় কারণে টিকিট বাতিল করতে বাধ্য হয়৷ নানা মাধ্যমে যোগাযোগ ও চেষ্টার পর গতকাল রাতে ভিসা পায়। ভিসার এই ভোগান্তিতে জন্য বসুন্ধরা কিংস মোহনবাগানকে জরিমানা এবং নিজেদের ক্ষতিপূরণ দাবি করেছে এএফসির কাছে।