হতে চাই না দুর্নীতিবাজ নেতার চামচা, ভালোবেসে নিয়েছি বঙ্গবীরের গামছা: শিল্পী নকুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গামছা প্রতীক নিয়ে বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। 

রোববার (২৩ অক্টোবর) রাতে কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের ছত্রকান্দা গ্রামে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার শুরুতে তিনি এ ঘোষণা দেন।
 
তিনি বলেন, সম্প্রতি আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছি। এই দলে আমার যোগদানের কারণ হচ্ছে দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন ও ভালোবাসেন। এ দেশে আওয়ামী লীগের বাইরে একটি মাত্র রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ যারা জাতির পিতার আদর্শ নিয়ে কথা বলেন। এ জন্য আমি এই দলে যোগদান করেছি। 

nakul

নকুল কুমার বিশ্বাস বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভাই-বোনের মতো। একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান। অপরজন জাতির পিতার মানসপুত্র, রাজনৈতিক সন্তান।
 
তিনি আরও বলেন, আমি বরিশাল -২ আসন থেকে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করে যে কয়টি ভোট পাবো তা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।
 
গানের সুরে সুরে নকুল কুমার বিশ্বাস বলেন, আমি হতে চাই না দুর্নীতিবাজ কোনো নেতার চামচা, তাই ভালোবেসে আমি বুকে নিয়েছি বঙ্গবীরের গামছা।

উল্লেখ্য, এ সময় নকুল কুমার বিশ্বাসসহ তার সব সহশিল্পী ও যন্ত্রশিল্পীদের গলায় ছিল গামছা।