সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য মাদারীপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।
রোববার ও সোমবার (২২ ও ২৩ অক্টোবর) সন্ধ্যায় তারা বিভিন্ন পূজা মন্দির ঘুরে দেখেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে পূজারীদের মাঝে বস্ত্র বিতরণ এবং পুলিশ সুপারের পক্ষ থেকে পূজারীদের হাতে শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে থাকেন।
বিশ্বে এ এক অনন্য নজির। পরিদর্শনে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিং ইত্যাদি অসামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।
শিবচরে পূজারিদের মাঝে বস্ত্র বিতরনের সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খানের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এমদাদুল হকসহ আরও অনেকেই। এছাড়াও জেলা প্রশাসক মাদারীপুর সদরসহ বিভিন্ন পূজা মণ্ডপে পূজারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন ।
অপরদিকে পুলিশ সুপারের পক্ষ থেকে পূজারীদের হাতে শারদীয় শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এ সময় পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মনিরুজ্জামান ফকির, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ভাস্কর সাহা, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মো: আলাউল হাসান, সহকারী পুলিশ সুপার( অপস্) শেখ মো. মুরসালিন, মাদারীপুর সদর মডেল থানার ওসি এইচএম সালাহ উদ্দিনসহ জেলা পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মণ্ডপসমূহের কমিটির সদস্যরা।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোউৎসব। এ বছর মাদারীপুর জেলায় ৪৬০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শিবচরে ৬০টি, কালকিনিতে ২১টি, ডাসারে ৪১টি, মাদারীপুর সদরে ৭৫টি, রাজৈরে ২৬৩টি।