ভুবনেশ্বরে আজ বসুন্ধরা কিংস-মোহন বাগান লড়াই

অনেক ঝক্কিঝামেলা পেরিয়ে ভারতের ভুবনেশ্বরে আজ এএফসি কাপ ফুটবলে লড়াই করতে নামছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ভারতের মোহন বাগান সুপার জায়ান্ট। খেলা শুরু হবে রাত ১০টায়।

মোহন বাগান সুপার জায়ান্টের নিজের ঘরে খেলা। কলকাতা থেকে গতকাল সকালে ভুবনেশ্বরে গেছে। আর বসুন্ধরা কিংস গতকাল সকালে বিমান ধরে কলকাতা থেকে দুই ভাগে ভাগ হয়ে দুই বিমানে ভুবনেশ্বরে পৌঁছায়। ত্যক্ত-বিরক্ত ফুটবল দল, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা কারো কাছেই বিষয়টি ভালো লাগেনি।

কিংসের সভাপতি ইমরুল হাসান দলটাকে ঢাকা থেকে বিমানে তুলে দিয়ে এখন একটু হালকা হয়েছেন। বলছিলেন, ‘গত তিন দিন ধরে টেনশনে ছিলাম। একবার মনে হয়েছিল যাবই না।’ কেন? ‘এভাবে মাথার মধ্যে সব দুশ্চিন্তা নিয়ে ফুটবল দল চালানো কঠিন। আগস্ট মাসে সবকিছু প্রস্তুত করা হয়েছে। তার পরও এত দেরিতে ভিসা পেলে খেলবে কীভাবে—বললেন ইমরুল হাসান।

গতকাল দুপুরে ভুবনেশ্বরে পৌঁছায় কিংস ফুটবল দল। কিংসের কর্মকর্তা জানালেন, অনুশীলন করা কঠিন। ক্লান্তি আছে খেলোয়াড়দের। ক্লান্তিটা কীসের? ইমরুল হাসান বললেন, ‘তিন দিন ধরে ভিসা পাব পাব করে খেলোয়াড়েরা ব্যাগ গুছিয়ে রাখল। কখন যাওয়া হবে সেটা নিয়ে চিন্তা ছিল। রবিবার রাতে ভিসা পেলাম। সকালে যদি ফ্লাইট হয়, তাহলে ভোরে ঘুম থেকে উঠতে হবে। রাতে কারো ঘুমই হয়নি। নির্ঘুম চোখে বিমানে উঠেছে খেলোয়াড়েরা। ক্লান্তি থাকবেই।’

ঢাকা থেকে ভুবনেশ্বরে ফোনে দলের খোঁজ রাখছেন এই কর্মকর্তা। কালিনগা স্টেডিয়ামে খেলা হবে। তাদের লক্ষ্য ছিল দুই দিন আগে গিয়ে অনুশীলন করে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। সেটা হয়নি। সবাই ভিসা পেলেও একজন ভিসা পাননি, তিনি নাইজেরিয়ান ফুটবলার এমফন উদো। ভুবনেশ্বরে নির্ধারিত সময়ে না যেতে পারার বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, ‘গত ৪৮ ঘণ্টা আমরা টেনশনে ছিলাম।’

২০২২ সালে কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া মাচে এএফসি কাপের গ্রুপ পর্বে মোহন বাগানের কাছে ৪-০ গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। ২০২১ সালে ম্যাচটি হয়েছিল মালদ্বীপে, সেখানে বসুন্ধরার বিপক্ষে ১-১ গোলে ড্র হয় মোহন বাগানের। কিংস এএফসি কাপের সাত ম্যাচ খেলেছে। শুরু করেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে টিসি স্পোর্টসের সঙ্গে ম্যাচ দিয়ে। সেখানে ৫-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।

মালদ্বীপের মাজিয়ার সঙ্গে ২-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস, বেঙ্গালুরু এফসির বিপক্ষে গোলশূন্য ড্র হয়। মাজিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বসুন্ধরা, ভারতের গোকুলাম কেরালার সঙ্গে ২-১ গোলে জয় আছে কিংসের।