পুলিশকর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হলো চার কাবাডি খেলোয়াড়কে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের বর্নালে। আরো চার কাবাডি খেলোয়াড়কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বর্নালের ২২ একর মার্কেটের কাছে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আট কাবাডি খেলোয়াড় স্থানীয় একটি বারে বসে মদ্যপান করছিল। সেখানে হোটেলের এক কর্মীর সঙ্গে বিল মেটানো নিয়ে ঝামেলায় জড়ায় তারা। সেই কর্মীকে মারধর করা হয়।
সেই রেস্তোরাঁ থেকে ফোন পাওয়ার পর দুই সহকর্মীকে নিয়ে সেখানে পৌঁছান ইন্স্পেক্টর বলজিত্ সিংহ ধিলো। সঙ্গে ছিলেন কনস্টেবল দর্শন সিংহ। কাবাডি খেলোয়াড়রা পুলিশের সঙ্গে ঝামেলা করে। দর্শনকে প্রচণ্ড মারধর করা হয়। তিনি অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সা করার সময়েই মারা যান তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।
পুলিশ চার জনের নাম প্রকাশ করেছে। তারা হলো টিকরিওয়ালার পরমজিত্ সিংহ, রায়সরের যুগরাজ সিংহ, আমলা সিংহওয়ালার বলজিত্ সিংহ এবং চিমা গ্রামের গুরমিত সিংহ। চার জনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তবে সঙ্গে থাকা আরো চার কাবাডি খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। নিহত কনস্টেবল পরিবারের উদ্দেশ্যে ২ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মন। ১ কোটি টাকা দেবে রাজ্য সরকার। ১ কোটি টাকা দেবে একটি বেসরকারি ব্যাংক।