ডেঙ্গুর টিকা আবিষ্কার নিয়ে কাজ করছে ভারতের অন্যতম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হায়দরাবাদে ভারত বায়োটেক কারখানায় বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলকে এসব তথ্য জানান কর্তৃপক্ষ।
ভারত বায়োটেক কর্তৃপক্ষ জানান, ‘ডেঙ্গুর টিকা আবিষ্কার নিয়ে আমরা কাজ করছি। ডেঙ্গুর ভাইরাস খুবই জটিল। এদের ভ্যারিয়েন্টের খুব দ্রুত পরিবর্তন হয়। তাই এই ভাইরাস নিয়ে কাজ করাও কঠিন।’
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভারত বায়োটেকের কো-ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান কৃষ্ণা এলা ভ্যাকসিন গবেষণায় বিপ্লব এনেছেন। বিশেষ করে করোনার কঠিন সময়ে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নার মতো ভ্যাকসিনের পাশাপাশি দ্রুততম সময়ে কোভ্যাক্সিন আবিষ্কার করে তাক লাগিয়ে দেয় ভারত বায়োটেক।
করোনা যখন একটু কমা শুরু করে তখন নতুন গবেষণা করা হয়। হাতে ইনজেকশন পুশ করার ভীতিতে করোনার টিকা নেওয়া থেকে সরে যান অনেকে। ভারত বায়োটেক কর্তৃপক্ষ ভাবতে থাকে কীভাবে এটা দূর করা যায়। পরে ইন্ট্রানাসাল টিকা আবিষ্কার করতে সক্ষম হয় সংস্থাটি। ২০২২ সালে যেটা ব্যবহারের অনুমোদন মেলে। নাকে ড্রপের মাধ্যমে টিকা কার্যকর হওয়ায় সহজ হয় কোভিড মোকাবিলা।
ভারত বায়োটেক কর্তৃপক্ষ জানান, মানুষের পাশাপাশি পশু-পাখি ও গাছের বিভিন্ন রোগের টিকা নিয়েও কাজ করছে তারা। অনুন্নত ও উন্নয়নশীল বিভিন্ন দেশে তুলনামূলক কম মূল্যে টিকা দিচ্ছে তারা।
আলু, পেঁয়াজসহ এমন যেকোনো খাদ্যপণ্যে যদি কোনো রোগ বিপর্যয় নিয়ে আসে তাহলে সেটা রোধে আগাম প্রস্তুতি নিয়ে ভারত বায়োটেক কাজ করছে বলেও জানানো হয়। করোনার মতো খাদ্যপণ্যের কোনো রোগ সামলাতে যেন কষ্ট কম হয় সেজন্যই এ উদ্যোগ।
১৯৯৬ সালে ভারতের তেলেঙ্গানা রাজ্যের জেনম ভ্যালিতে প্রতিষ্ঠিত হয় ভারত বায়োটেক। এর চেয়ারম্যান ড. কৃষ্ণা এম এলা জন্মগতভাবে ভারতের নাগরিক। তবে লেখাপড়া ও গবেষণা কাজের সূত্রে তিনি মার্কিন নাগরিকত্ব নেন। পরে স্ত্রী সুচিত্রা এলাসহ ফিরে এসে ভারতের নাগরিকত্ব ফেরত নেন। টিকা নিয়ে গবেষণার নেতৃত্বও দেন তিনি। বিশেষ করে করোনা মহামারীতে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নার মতো ভ্যাকসিনের পাশাপাশি দ্রুততম সময়ে কোভ্যাক্সিন আবিষ্কার করে তাক লাগিয়ে দেন তিনি।
ভারত বায়োটেক কর্তৃপক্ষ জানান, ড. কৃষ্ণা এম এল্লার কোম্পানিতে এখন কয়েক হাজার মানুষ কাজ করেন। শুধু ভারত বায়োটেকে দেড় হাজারের বেশি কর্মী রয়েছে। এ ছাড়া বেশকিছু সিস্টার কনসার্ন আছে বায়োটেকের। ভারত বায়োটেকের বিনিয়োগ ৩৫ লাখ ডলারের বেশি।