ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৩২৫কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
হামুনের প্রভাবে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর থেকেই মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আকাশের মেঘাচ্ছন্নতায় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। সকাল থেকেই এ এলাকায় হালকা বাতাস বয়ে গেলেও বৃষ্টি নেই তেমন একটা। ভোরে সামান্য কয়েক ফোটা বৃষ্টি ঝরেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে তেমন একটা ঝড়-বৃষ্টি শুরু হয়নি এখনও।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানিয়েছে,আবহাওয়া খুব বেশি একটা বৈরী হয়ে না উঠায় বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ ওঠানামা ও পরিবহণের কাজ চলছে স্বাভাবিক গতিতে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতিতে জরুরী সভা করা হয়েছে। সোমবার রাতের এ সভা থেকে সকলকে সতর্ক থাকার পাশাপাশি এ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রে হামুন ক্রমেই শক্তি সঞ্চার করছে। এর প্রভাবে উপকূলে মঙ্গল ও বুধবার ঝড়-বৃষ্টি বয়ে যাবে। তবে ঘূর্ণিঝড়টি বুধবার সকাল থেকে বিকাল নাগাদ উপকূলে আঘাত হানবে এবং অতিক্রম করবে।