অভ্যন্তরীণ কোন্দলে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা 

নরসিংদীতে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে রানা মোল্লা (৩৫) নামে সাবেক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী তুষার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া মহল্লার পৌর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, কাউরিয়াপাড়া মহল্লার আলী আকবরের ছেলে রানা মোল্লার সঙ্গে একই এলাকার ওমর আলীর ছেলে আল আমিনের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে ঘটনার দিন রাত অনুমান ৯টার সময় ৮/১০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল রানা মিয়াকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত যখম করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। 

নিহত রানার সাথী গুলিবিদ্ধ তুষার একই এলাকার মো. নজরুল ইসলাম ভূইয়ার ছেলে। তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে কর্তৃব্যরত ডাক্তার জানিয়েছেন। এলাকায় বর্তমানে থম থমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরণের সংঘর্ষের আশংকা রয়েছে। এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিষয়টি নিয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।