খেলাধুলায়ও সাফল্য অর্জন করে চলেছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা

শহীদ শেখ রাসেল স্কুল চেস টুর্নামেন্টে-২০২৩ এ বালিকা ছোট বিভাগে (প্রথম-চতুর্থ শ্রেণি) প্রথম স্থান পুরস্কার পায় রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের ইংরেজি ভার্সনের তৃতীয় শ্রেণির জোয়েনা মেহবিস। গত ১৮ অক্টোবর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস-২০২৩ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করেন। 

সাউথ পয়েন্টের ইংরেজি মাধ্যমের পুরস্কারপ্রাপ্তরা হলো-গ্রেড থ্রি’র ছাত্র মুহতাদী তাজওয়ার নাশীদ ও গ্রেড ফাইভের ছাত্রী সিদরাতুল মুনতাহা নাফি। শেখ রাসেল দিবসের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ্।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত শেখ কামাল জাতীয় যুব দাবা প্রতিযোগিতাতেও অত্র স্কুল ২টি ক্যাটাগরিতে  চ্যাম্পিয়ন ও ১টিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল। তাদের মধ্যে গ্রেড সিক্সের শিক্ষার্থী ওয়ার্শিয়া খুসবু ইতিমধ্যেই বিশ্ব দাবা সংস্থার ‘উইমেন কেন্ডিডেট মাস্টার’ খেতাবে ভূষিত হয়েছেন এবং বাংলাদেশ দাবা ফেডারেশন কর্তৃক বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত দাবা ও অন্যান্য খেলাধুলারও প্রশিক্ষণ  কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের মতে, এভাবে নিয়মিত দাবা প্রশিক্ষণ অব্যাহত থাকলে সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষার্থীরা দাবায় আরও অনেক দূর এগিয়ে যাবে।