সিনেমার চরিত্রের জন্য ওজন বাড়িয়ে বা কমিয়ে খবরে আসেন বলিউড অভিনয়শিল্পীরা। এছাড়া তিনমাস, ছয়মাস এমনকি এক বছর ধরে নিজেকে প্রস্তুত করেন তারা। এই প্রস্তুতি পর্বে পিছিয়ে নেই ঢালিউডও। এখন প্রায় অভিনেতা সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেন চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে। তাই বলে তিন বছর!
হ্যা, সত্যিই শুনেছেন। তিন বছরের পরিশ্রমের ফসল ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ‘মুজিব’। এই চরিত্রে অভিনয় করেছেনে অভিনেতা আরিফিন শুভ। ইতিমধ্যে এই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আরিফিন। আর এরজন্য তাকে পরিশ্রম করতে হয়েছে টানা তিন বছর। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে সেই পরিশ্রমের বর্ণনা দেন আরিফিন শুভ।
১১ মিনিটের সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘৫৫ বছরের গল্প যেমন একটা তিন ঘণ্টার সিনেমায় দেখানো অসম্ভব। তেমনি একটা কাজের জন্য ৩ বছরের যে মেহনত, সেটা ছোট একটা ভিডিওতে ব্যক্ত করা যায় না। তবুও ‘মুজিব’ সিনেমায় আমার চেষ্টার সামান্য কিছু অংশ..।’
ভিডিওতে তিনি জানান, বঙ্গবন্ধু হতে শুটের সময় তার দাঁতে চার ডেনচার পরানো হয়েছিল। শুধু তাই না, প্রায় সাড়ে তিন কেজির নকল পেট পরে অভিনয় করতে হয়েছে তাঁকে। অনশনের একটি দৃশ্য সঠিকভাবে করতে নায়ক না খেয়ে ছিলেন ২৪ ঘণ্টা। ‘মুজিব’ সিনেমার জন্য নিজের এমন আরও অনেকে পরিশ্রমের গল্প সেই ভিডিওতে শেয়ার করেছেন আরিফিন শুভ।
যা দেখে দর্শকরাও অভিনেতাকে প্রশংসায় ভাসিয়েছে। পর্দায় শুভর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। সিনেমায় ‘মুজিব’ চরিত্রে আরিফিন শুভকে দেখে এই নায়ককে তিনি প্রশ্ন করেছিলেন, কীভাবে করেছ? কিভাবে করলা এত সুন্দর করে?
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাধিক অভিনেতা।
গত ১৩ অক্টোবর সারা দেশের রেকর্ড সংখ্যক হলে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটি দেখতে হলে ভীড় করছে দর্শক। মুক্তির পর বেড়েছে হল, এমনকি দ্বিতীয় সপ্তাহে এসে স্টার সিনেপ্লেক্সে শো সংখ্যা ১৮টি থেকে বাড়িয়ে ৩৩ করেছে। শুধু আরিফিন নয়, দর্শক এই সিনেমায় অভিনয় করা প্রত্যেকের অভিনয়ে সন্তুষ্টি প্রকাশ করছে।