লস অ্যাঞ্জেলেসে থেকেই ভারতে ফ্ল্যাট কিনলেন প্রীতি জিনতা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থেকেই ভারতের বান্দ্রায় একটি নতুন ফ্ল্যাট কিনেছেন। বিয়ের পর থেকেই সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও একাধিক সময় ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে শিরোনামে উঠে আসেন। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী মুম্বাইয়ের বান্দ্রায় পালি হিলে নার্গিস দত্ত রোডের কাছে ১৭ কোটি ১০ লাখ টাকা দিয়ে নতুন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন প্রীতি জিনতা।

জানা যায় , প্রীতি বিয়ের আগেও এই বিল্ডিংয়েই থাকতেন। এদিকে তার এই নতুন অ্যাপার্টমেন্ট কেনার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি ভারতে শিফট করবেন।

 

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জলবিদ্যুৎ কোম্পানিতে কর্মরত জেনে গুডেনাফকে বিয়ে করেন প্রীতি জিনতা। লস অ্যাঞ্জেলেসে দুই সন্তানকে নিয়ে জেনে ও প্রীতির সুখের সংসার। ৪৭ বছরের এই অভিনেত্রী আপতত দুই সন্তানকে সামলাতেই ব্যস্ত।

অভিনয়ের বাইরে খেলার জগতের সঙ্গে যুক্ত আছেন প্রীতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল পাঞ্জাব কিংসের মালিকানার অংশীদারত্বে রয়েছেন তিনি। দক্ষিণ-আফ্রিকান টি-টুয়েন্টি গ্লোবাল লিগ ক্রিকেট দল স্টেলেনবোশ কিংসেরও মালিক তিনি।

অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায়। এছাড়া সন্দীপ মোদির সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর অন্যতম প্রযোজকও ছিলেন প্রীতি।