শান্তি সমাবেশ

আওয়ামী লীগের মঞ্চ তৈরির কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ তৈরির কাজ মাঝপথে বন্ধ করে দিয়েছে পুলিশ।  

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে গুলিস্তান থানার আউটবক্সের ইনচার্জ ওবায়দুর রহমান অস্থায়ী মঞ্চের কাজ বন্ধ করে দেন।

ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে।

ছবি: আব্দুল গনি

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ আমাদের মঞ্চ করতে দেয় না। কিছুটা করেছিলাম, পুলিশ বন্ধ করে দিয়েছে। পুলিশ যখন অনুমতি দেবে, আমরা তখনই মঞ্চ করব।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। যাচাই বাছাই করছি, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে।