ইলিশ ধরায় শতাধিক জেলে আটক

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণের নিষিদ্ধ সময় চলমান রয়েছে। আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মত্স্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। এদিকে ঐ নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর ও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শতাধিক জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চাঁদপুর :চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা-ইলিশ ধরায় পৃথক অভিযানে ৮৮ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ, সদর ও হাইমচর উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে নৌ-পুলিশ ৭২ জন, সদর উপজেলা টাস্কফোর্স পাঁচ জন ও হাইমচর উপজেলা টাস্কফোর্স ১১ জনকে আটক করে। গতকাল শুক্রবার সকালে নৌপুলিশ চাঁদপুর সদর থানার ওসি মো. কামরুজ্জামান নৌপুলিশের অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নৌপুলিশ মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে ৭২ জন জেলেকে আটক করে। এর মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৪৫ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এসব ঘটনায় দুটি ভ্রাম্যমাণ আদালত ও ১৪টি নিয়মিত মামলা করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, আটক পাঁচ জেলের মধ্যে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে আট দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এবং দুই জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে হাইমচর উপজেলার জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, গত ২৪ ঘণ্টায় হাইমচরে ১১ জেলেকে আটক করা হয়। এর মধ্যে পাঁচ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। বাকি ছয় জেলের বিরুদ্ধে মত্স্য আইনে নিয়মিত মামলা করে কারাগারে পাঠানো হয়।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) :ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মা-ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ জেলেসহ ১৫ কেজি মা-ইলিশ ও দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ এবং অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।