বীর মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লিডার বদরুল আলমের মৃত্যুতে শোক জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার বেলা দেড়টার দিকে রাজধানীতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
অকুতোভয় এই বীর মুক্তিযোদ্ধা কিলো ফ্লাইটের বৈমানিক হিসেবে সরাসরি আকাশ প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তৎকালীন ফ্লাইং অফিসার বদরুল আলমকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয় এবং পরবর্তীতে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
স্ত্রী নাদিরা আলম, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শনিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা সম্পন্ন হবে।