দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে সারাদেশের ভোট বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ‘দ্বাদশ সংসদ নির্বাচন : গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শিরোনামে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে পুরো দেশের ভোট বন্ধ করে দেওয়া হবে। ভোট যাতে বাধাগ্রস্ত না হয়, এর জন্য সংশ্লিষ্ট সবারই সহায়তা প্রয়োজন।
প্রিসাইডিং অফিসারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ন্ত্রণ করতে না পারলে ভোট বন্ধ করে কেন্দ্র ত্যাগ করবেন। ভোট বন্ধ না করলে সেটিও ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এখন পর্যন্ত নির্বাচনের অনুকূল পরিবেশ দেখতে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করে কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে চাই দেশের রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। কঠিন কাজটি সহজ হোক। সেজন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আয়োজক হিসেবে আমরা সুন্দরভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সেজন্য রাজনৈতিকভাবে অনুকূল পরিবেশের আবেদন আমরা প্রথম থেকে বহাল রেখেছি, আজ অবধি। প্রত্যাশা প্রথম থেকে ছিল- কিন্তু এখন পর্যন্ত পরিবেশ অনুকূল হয়ে ওঠেনি।’
নির্বাচনে অনিয়মের সঙ্গে আই-নশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কোনো নির্বাচনী কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা।