সমাবেশ ঘিরে রাজধানীতে যানবাহন সংকট, দুর্ভোগে যাত্রীরা

দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে যানবাহন সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, মানিকমিয়া অ্যাভিনিউ, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আজ শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সমাবেশ ঘিরে উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে রাজধানীতে। 

ছবি: ইত্তেফাক

মোহাম্মদপুর, আসাদগেট, মানিকমিয়া অ্যাভিনিউ, ফার্মগেট ও কাওরান বাজার ঘুরে তেমন গণপরিবহন দেখা যায়নি। ব্যক্তিগত যানবাহনও তেমন নেই। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে অথবা রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন। তবে বিআরটিসি বাসের উপস্থিতি দেখা গেছে।

ছবি: ইত্তেফাক

রাস্তায় পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের টহল। অনেককে পুলিশ তল্লাসি করছে। 

ফার্মগেট ও কাওরান বাজারে বাসের জন্য যাত্রীদের উপস্থিতি রয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাসের জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বাস না পেয়ে বাধ্য হয়ে রিকশায় বা হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা। তবে সিএনজিতে বেশি ভাড়া চাচ্ছেন বলে দাবি করেন যাত্রীরা। 

ফার্মগেটে বাসের জন্য দাঁড়িয়েছিলেন রুমা ইসলাম। শাহাবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে যাবেন ডাক্তার দেখাতে। তিনি বলেন, ‘অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। বাস না পেয়ে বাধ্য হয়ে হেঁটে যাচ্ছি।’ রিকশা ও সিএনজি বেশি ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেন তিনি। 

ছবি: ইত্তেফাক

কাওরান বাজারের কয়েকটি খণ্ড মিছিল দেখা যায়। মিছিলগুলো জয় বাংলা স্লোগান দিতে দিতে ফার্মগেটে দিকে যায়। এছাড়া পিকআপভ্যানে  জয় বাংলা স্লোগানে দিতে দিতে শাহবাগে দিকে যায় নেতা-কর্মীরা। 

কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ে বাসের জন্য অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী পংকজ। তিনি বলেন, ‘রাস্তায় বাস নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। রিকশায় ও সিএনজি বেশি ভাড়া চাচ্ছে। এখন কীভাবে বাসায় ফিরবো সেই চিন্তায় আছি।’ 

ছবি: ইত্তেফাক

ফার্মগেট পুলিশবক্সে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মিজানের কাছে দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে সার্বিক পরিস্থিতি জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

ছবি: ইত্তেফাক

উল্লেখ্য, ২০টি শর্ত দিয়ে আজ শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ শর্ত কার্যকর থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়।