এসএম সুলতানের জন্মশতবার্ষিকী চিত্রা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে এসএম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (২৮ অক্টোবর) বিকালে শেখ রাসেল ব্রিজ পয়েন্টে প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান।

নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু এবং নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরাসহ অনেকে।

Narail Boat Race Photo---0001 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আছিফ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামানসহ অনেকে।

গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রসারের উদ্দেশ্যে প্রতিবছর চিত্রা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। নড়াইলের শেখ রাসেল ব্রিজ থেকে এসএম সুলতান ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত অনুষ্ঠিত এ বাইচে নারী ও পুরুষ মাঝিমাল্লার নৌকাসহ মোট ১৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার বাইচে নড়াইল, খুলনা, মাগুরা, ফরিদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকার নৌকা অংশগ্রহণ করে। 

Narail Boat Race Photo---0003

এদিকে নৌকাবাইচকে ঘিরে নড়াইলের জমিদার বাড়ির বাঁধাঘাট, চরের ঘাট আর পঙ্কবিলা ঘাটে মেলা বসে। মেলায় নানা ধরনের পসরা নিয়ে বসে ব্যবসায়ীরা। মেলায় আগত দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য ছিল নাগরদোলা ও চরকি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে চিত্রা নদীর দুই পাড়ে, বাড়ির ছাদে, গাছের ডালে বসে যে যেখান থেকে যেভাবে পেরেছে সেভাবেই সবাই উপভোগ করেছে। বাইচের বাড়তি আকর্ষণ ছিল সারি গান। বাইচ চলাকালীন সময়ে ইঞ্জিন চালিত নৌকায় একটি সারি গানের দল দর্শকদের আনন্দ দিতে সারি গান পরিবেশন করে। নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে অর্ধ লাখ মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

আয়োজকরা জানান, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান সব সময় গ্রামীণ বাংলার সংস্কৃতিকে লালন পালন করতেন। তার সেই আজীবনের লালিত স্বপ্নকে ধরে রাখতেই প্রতিবছর নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।