রৌমারী-চিলমারী নৌ-বন্দরের রমনাঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফেরি বেগম সুফিয়া কামাল। ফেরি কুঞ্জলতাও চলাচল বন্ধ করা হয়েছে। এই নৌ-রুটে পারাপারের অপেক্ষায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে পণ্যবাহী পরিবহন। এতে ভোগান্তিতে পড়েছেন চালকসহ যাত্রীরা।
সংশ্লিষ্টরা বলছেন, ব্রহ্মপুত্রে নাব্যতা সংকটেরকারণে ‘বেগম সুফিয়া কামাল’ নামের ফেরিটি রোববার সকাল ছয়টার দিকে রমনা ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার বিকেল থেকে ফেরি কুঞ্জলতা চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ব্রহ্মপুত্রে খনন কাজ অব্যাহত রয়েছে।
জানা গেছে, কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের নৌ-রুটে যোগাযোগ বাড়ানো ও চিলমারী নৌ-বন্দরের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে গত ২০ সেপ্টেম্বর ফেরি চালু ও বন্দরের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। কিন্তু ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের কারণ দেখিয়ে রমনা ঘাট থেকে ফেরি ‘বেগম সুফিয়া কামালকে’ সরিয়ে নেওয়া হয়েছে। কুঞ্জলতা নামের ফেরিটিও চলাচল বন্ধ করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী গাড়ি চালকসহ যাত্রীরা।
অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের নজরদারির অভাব ও গাফিলতির কারণে একমাস নয়দিনের মাথায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
বিআইডব্লিউটিসির বাণিজ্য ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘নাব্যতা সংকট ও রৌমারী ফেরিঘাট দেবে যাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যমুনা সেতুতে রেললাইন বসানো হলে ফেরি বেগম সুফিয়া কামাল আরিচা ঘাটে যেতে পারবে না বিবেচনা করে ফেরিটি সরানো হয়েছে।’
ফেরি কুঞ্জলতা বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘রৌমারী ফেরিঘাট দেবে যাওয়ার কারণে শনিবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। ঘাট মেরামতের কাজ করা হলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’