রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশের’ আয়োজন করে আওয়ামী লীগ। রোববার দুপুর আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়। যুবলীগের ঢাকা দক্ষিণ শাখা আয়োজিত এ সমাবেশে আওয়ামী লীগ ও যুবলীগের দক্ষিণ শাখার নেতা-কর্মীরা অংশ নেয়।
এর আগে দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ শাখার সভাপতি আবু আহমেদ মোন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আওয়ামী লীগের দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘ওবায়দুল কাদের শান্তি সমাবেশে যোগ দেবেন না। তবে আমাদের এখানে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। প্রধান অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছাড়াও মাহবুবউল আলম হানিফসহ অনেক অনেক নেতৃবৃন্দ আছেন।’
এদিকে রাজধানীর উত্তরায়ও ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ করে আওয়ামী লীগ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খানের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর ও হরতালের প্রতিবাদে সমাবেশ করে নেতা-কর্মীরা।
সকাল থেকে এই শান্তি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলে-দলে মিছিল নিয়ে আব্দুল্লাহপুরে জড়ো হয়। পরে বিএনপি ডাকা হরতালকে অবৈধ দাবি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বড় একটি মিছিল বের করেন আফসার ও তার অনুসারীরা। মিছিলটি উত্তরা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে আজমপুর ঘুরে আবার আব্দুল্লাহপুর গিয়ে শেষ হয়।
আফসার উদ্দিন খান বলেন, বিএনপি সারাদেশে যে নৈরাজ্য শুরু করেছে তা অবৈধ। তারা আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর এবং আগুন দিচ্ছে। দেশের জানমাল নষ্ট করছে তার প্রতিবাদে আমরা এই শান্তি সমাবেশ করছি।
এছড়া মিছিল শেষে বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ নেতা সেলিম খানসহ অনেকে।