রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম আব্দুল কাদের।
মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা হচ্ছেন, কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, বাসদের আফজাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দীন বিশ্বাস, সাইদুর রহমান, সুজাউদ্দীন, শহিদুল করিম শিবলী ও বিএনপির বিদ্রোহী শাহাদত হোসেন সাহিন।
রবিবার সকাল ৯ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে তথ্য গোপন করায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়নপত্র বাতিল হয়। তবে তার স্ত্রী ও বিএনপির বিকল্প প্রার্থী আভা হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, ওয়াকার্স পাটির রফিকুল ইসলাম পিয়ারুল ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
ব্যারিস্টার আমিনুল হক মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে উপজেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার মাহফুজুল হক মিলন জানায়। জামায়াতের অধ্যাপক মজিবুর রহমানও আপিল করবেন বলে স্থানীয় জামায়াতের একটি সূত্র জানায়।
এদিকে ব্যারিস্টার আমিনুল হক ও জামায়াতের অধ্যাপক মজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় রাজশাহী-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে আভা হক নিশ্চিত বলে স্থানীয় বিএনপির নেতাকর্মিরা দাবি করেন।
ইত্তেফাক/নূহু